২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ‘ডাকাত-পুলিশ গোলাগুলি’

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গোলাগুলিতে এক ডাকাত ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 06:19 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার গভীর রাতে উপজেলা সুদক্ষিরা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে গ্রেপ্তার এবং একটি আগ্নেয়াস্ত্রসহ চারটি হাত-বোমা উদ্ধার করা হয়েছে।

“এছাড়া ডাকাতের ছোড়া হাতবোমায় সিঙ্গাইর থানার এসআই ওহিদুল ইসলাম, এসআই কাজী সারেহ আহম্মেদ, এএসআই রাজীব হোসেন, কনস্টেবল মাসুদ রানা ও আকরাম হোসেন পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।”

পুলিশ সুপার জানান, রাত ১টার দিকে সুদক্ষিরা এলাকায় ১৫-১৬ সদস্যের সশস্ত্র ডাকাত দল অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় পৌঁছালে ডাকাতেরা হামলা চালায়। এ সময় ডাকাতরা চার-পাঁচটি হাতবোমা বিস্ফোরণ ঘটনায় ও গুলি ছোড়ে। এতে বোমার বিস্ফোরণে পুলিশের ওই পাঁচ সদস্য আহত হন।

“এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তখন ডাকাত সদস্য জসিম মোল্লা (৩৮) গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়।”

ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও চারটি হাত বোমা উদ্ধার করা হয় বলে জানান এসপি।

সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা এবং সিঙ্গাইর থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় জসিমসহ অজ্ঞাত ১৫-১৬ জনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে বলেও জানান ওসি।