মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু উদ্ধার, খালু আটক
ফেনীতে মুক্তিপণের দাবিতে অপহৃত এক শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোরে চট্টগ্রামের বন্দর টিলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।
উদ্ধার মেহেদি হাসান রাফি (০২) ফেনী শহরের মাস্টার পাড়ার মাছ ব্যবসায়ী ফিরোজ মিয়ার ছেলে।
এ ঘটনায় রাফির খালু সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, গত ৭ মার্চ দুপুরে হাসান রাফিকে চকলেট খাওয়ানোর নাম করে সাইফুল অপহরণ করে চট্টগ্রাম নিয়ে যায়। পরে শিশুটির মার ফারজানা আক্তার ঝর্ণার কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
“এ ঘটনায় ফিরোজ মিয়া অপহরণকারী সাইফুলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে। মামলার পর পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। পরে বুধবার ভোরে চট্টগ্রামের বন্দর টিলা থেকে তাকে উদ্ধার করা হলেও এসময় অপহরণকারী সাইফুল পালিয়ে যায়।”।
পরে বুধবার দুপুরে ফেনী সদর উপজেলার মৌটবি লস্করহাট এলাকা থেকে সাইফুলকে পুলিশ আটক করে বলে জানান তিনি।
