যশোরে পুলিশের গুলিতে আহত ছাত্রলীগকর্মী
যশোর সদরে পুলিশের গুলিতে এক ছাত্রলীগকর্মী জখম হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে যশোর শহরতলীর শেখহাটি বিশ্বাসপাড়া মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত আরিফ হোসেন ওরফে সালাম (২২) শেখহাটি লেবুতলার আবুল হোসেন আবুর ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।
পুলিশের উপর হামলা করার পর আরিফকে গুলি ও গ্রেপ্তার করা হয় বলে পুলিশ দাবি করছে। তবে পুলিশের উপর হামলার কথা আরিফ অস্বীকার করেছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, অস্ত্র ও গুলি নিয়ে আরিফ শেখহাটি বিশ্বাসপাড়া এলাকায় একটি মার্কেটের সামনে অবস্থান করছিল বলে পুলিশের কাছে খবর ছিল।
“রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আরিফ তার হাতে থাকা একটি দা দিয়ে এএসআই শাহাবুলের ঘাড় লক্ষ্য করে কোপ দেন। ওই পুলিশ কর্মকর্তা ঘাড় সরিয়ে নেওয়ায় এ যাত্রা প্রাণে রক্ষা পান।
“এরপর পুলিশ দুই রাউন্ড গুলি বর্ষণ করলে একটি সালামের বাম পায়ের হাঁটুর নিচে লাগে।”
রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
ওসি আরও জানান, আরিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রামদা ও একটি চাকু উদ্ধার করা হয়।
“তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুইটি মামলা রয়েছে।”
হাসপাতালে চিকিৎসাধীন সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে তিনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় পুলিশ গিয়ে কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর শুরু করে।
“এক পর্যায়ে পুলিশের কাছে থাকা রাম দা দিয়ে আমার বাম পায়ে প্রথমে কোপ দেয়। পরে শটগান দিয়ে গুলি করে।”
পুলিশ মারধর করে তার ডান পাও অবশ করে দিয়েছে বলে জানান আরিফ।
অস্ত্র ও গুলির বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, “সালাম আমাদের একনিষ্ঠ কর্মী। সংগঠনের কোনো পদে না থাকলেও নিয়মিত সকল কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন।”
জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালেটেন্ট ও যশোর মেডিকেল কলেজের সহকারী অধাপক (অর্থোপেডিক) আব্দুর রউফ বলেন, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আর কিছুই বলা যাবে না।
