২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে হাসপাতাল ও আদালতের দ্বন্দ্ব: নাজিরের মামলা

হবিগঞ্জ সদর হাসপাতাল ও আদালত বিভাগের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব আরও জটিল হয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করার পর।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 01:30 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

জেলা জজ আদালতের নাজির রেজাউল করিম খোকন হাসপাতালের চিকিৎসক মঈনসহ ১৩ জনকে আসামি করে মঙ্গলবার বিকেলে আদালতে মামলা করেন।

নাজির রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে চিকিৎসাধীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনকে আনতে গেলে হাসপাতালের কয়েকজন কর্মচারী আক্রমণ করে।

“এতে তিনজন আহত হন এবং তাদের কাপড়চোপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে।”

তবে কারা মাফরোজাকে আনতে গিয়েছিল বা কাদের কাপড়চোপড় ছিঁড়ে ফেলা হয়েছে নাজির তাদের নাম বলেননি।

সোমবার রাত সাড়ে ৮টায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন।

তার কক্ষ গুছিয়ে দিতে দেরি হওয়ায় নাজির রেজাউল কর্তব্যরত চিকিৎসক মঈনকে গালাগাল করেন বলে অভিযোগ উঠেছে। তখন মাফরোজার দেহরক্ষী পুলিশ কনস্টেবল নূরে আলম রনি জরুরি বিভাগে কর্মরত ব্রাদার হাবিবুর রহমানকে থানায় নিয়ে যান।

সঙ্গে সঙ্গে হাসপাতালের সব চিকিৎসক ও কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। পরে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করে সহকারী পুলিশ সুপার মাসুদ মনির ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মবিরতি স্থগিত করেন চিকিৎসকরা।

অন্যদিকে সোমবার রাতেই ব্রাদার হাবিবুরকে ছেড়ে দেয় পুলিশ।

মঙ্গলবার সকালে নাজির রেজাউল হাসপাতালে গেলে আবার উত্তেজনা সৃষ্টি হয় এবং আবার চিকিৎসা বন্ধ রেখে আন্দোলনে নামেন চিকিৎসক ও নার্সরা।

পরে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ও ব্যবসায়ী সভাপতি রইছ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের চেষ্টায় দুপুরে কর্মসূচি বুধবার পর্যন্ত স্থগিতের ঘোষণা দেনি চিকিৎসকরা।

দুপুরে চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়েন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন।

এই পরিস্থিতিতে মামলা হওয়ায় পরিস্থিতি জটিল হল বলে মন্তব্য করেন জেলা সিভিল সার্জন দেবপ্রদ রায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি সমাধানের জন্য জেলা ও দায়রা জজ আতাব উল্লাহর সাথে যোগাযোগ করেছি। বুধবার বিষয়টি নিয়ে আলোচনায় বসার কথা। এরই মাঝে মামলা হওয়ায় বিষয়টি জটিল হয়ে গেল।”

তবে সমস্যাটির আশু সমাধানের ব্যাপারে আশাবাদী জেলা চিকিৎসা কর্মকর্তা দেবপ্রদ।