রামদা ঠেকিয়ে ১০ লাখ টাকা ‘ছিনতাই’
সিলেটে এক ব্যক্তির গলায় রামদা ঠেকিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, ১০ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে বলে নগরীর উপশহরের বাসিন্দা সোহেল আহমদ নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন।
মঙ্গলবার বিকেলে নগরীর নয়াসড়ক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানান ছিনতাইয়ের শিকার সোহেল আহমদ।
তিনি বলেন, বিকেল পৌনে ৫টার দিকে চৌহাট্টা এলাকার এনআরবি ব্যাংক থেকে ১০ লাখ ২০ হাজার টাকা তুলে মোটরসাইকেলে করে জেল রোডের আল-ফালাহ ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন।
“পথে নয়াসড়ক কিশোরী মোহন স্কুলের গেইটে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেল করে ৫/৬ জন দুর্বৃত্ত গতিরোধ করে গলায় রামদা ঠেকিয়ে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।”
ছিনতাই হওয়া টাকা এফবিআইসির পরিচালক শামীম আহমদের।তাকে টাকা উত্তোলন করে জমা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানান সোহেল।
ওসি বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একটি ব্যাগ পাওয়া গেছে।ওই ব্যাগে কিছু কাগজপত্র আছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।
এদিকে নগরীর সোবহানীঘাট মৌবন আবাসিক এলাকায় রিপা আক্তার নামের এক নারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর সোবহানীঘাট মৌবন এলাকায় এ ঘটনা ঘটে।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শ্রীকান্ত দেবনাথ জানান, জিন্দাবাজার উত্তরা ব্যাংকের শাখা থেকে ৩০ হাজার টাকা তুলে রিকশাযোগে বাসায় ফিরছিলেন রিপা।
“এ সময় তিনটি মোটরসাইকেলে করে ৭/৮ জন ব্যক্তি রিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার ভ্যানেটি ব্যাগ থেকে টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।”
