রাজশাহীতে পুলিশের কাজে বাধা: বুলবুলসহ ২২ জনের বিচার শুরু
সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপির ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন রাজশাহীর মুখ্য মহানগর হাকিম মো. মিজানুর রহমান। একইসঙ্গে নগর বিএনপির সহ-সভাপতি বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, সরকারবিরোধী আন্দোলন চলাকালে ২০১২ সালের ২২ এপ্রিল নগরীর রাজাহাতায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে পুলিশ। এ মামলার তদন্ত শেষে বিএনপির ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
“সোমবার দুপুরে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর নির্দেশ দেন বিচারক।”
আদালতে উপস্থিত না থাকায় বুলবুলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান তিনি।
নাশকতার মামলায় আসামি করে পুলিশের অভিযোগপত্রের পর গত বছরের ৭ মে রাজশাহীর মেয়র পদ থেকে বুলবুলকে সাময়িক বরখাস্ত করে সরকার।
