লক্ষ্মীপুরের ৬ শিশু শিক্ষার্থীকে নিয়ে ‘মাদ্রাসা শিক্ষক উধাও’
লক্ষ্মীপুরের এক মাদ্রাসার ছয় শিশু শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না, যাদের নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ৩টার পর থেকে তাদের পাওয়া যাচ্ছে না বলে ছাত্রদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তারা সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকার রহমানিয়া তালিমুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসা ছাত্র।
চন্দ্রগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ওই শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে।
নিখোঁজ ছাত্ররা হল, মনির হোসেন (১০), আব্দুল্লাহ আল ইমন (১০), রাসেল (১১), সৌরভ (১৩), রবিউল (১২), মুরাদ হোসেন।
শিক্ষক হিফজ বিভাগের জসীম হোসাইনের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে।
অভিভাবকরা জানান, দুই মাস আগে হিফজ বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন হাফেজ জসীম হোসাইন। সম্প্রতি তার কার্যকলাপ নিয়ে মাদ্রাসা কমিটির সঙ্গে বিরোধ দেখা দেয়। এর জেরে রোববার গভীররাতে একটি অটোরিকশায় করে কৌশলে হিফজ বিভাগের ছয় ছাত্রকে নিয়ে উধাও হয়ে যান তিনি।
সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনায় জড়িত সন্দেহে এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে দেন স্থানীয় চেয়ারম্যান।
দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাঈল হোসেন বলেন, “খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। অটোরিকশা চালক মো. জসিম উদ্দিনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।”
