২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের নালিশ করায় মা-মেয়ে-ছেলেকে কুপিয়ে জখম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উত্ত্যক্তকারীর নামে নালিশ করায় বসতবাড়িতে হামলাসহ এক নারী ও তার দুই সন্তানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 03:47 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, রোববার রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মা (৩৫), মেয়ে (১৪) ও ছেলেকে (৯) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেয়েটির মা সাংবাদিকদের বলেন, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশুনা করে। স্কুলে যাওয়া-আসার সময় গ্রামের মোগলা চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৪) তার উদ্দেশে অশ্লীল কথাবার্তা বলে।  

“সম্প্রতি মেয়ে বিষয়টি আমাকে জানালে রোববার মিলনের মায়ের কাছে নালিশ জানাই। এতে বখাটে মিলন ক্ষিপ্ত হয়ে একদল দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে রাতে আমাদের বসতবাড়িতে হামলা চালায় এবং আমাদের কুপিয়ে জখম করে।”

এক পর্যায়ে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারী পালিয়ে যায় বলে জানান তিনি।

মেয়েটির বাবা বলেন, “ওই সময় আমি বাড়ি ছিলাম না। খবর পেয়ে বাড়ি গিয়ে আহত স্ত্রী, মেয়ে ও ছেলেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সজীব কুমার সরকার বলেন, আহতদের শরীরে একাধিক জখমের চিহ্ন আছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

ওসি বলেন, ঘটনা শোনার পর হাসপাতালে গিয়ে আহতদের খবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।