২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরেও মেলেনি তুহিনের খোঁজ

যশোরের বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলম তুহিনের খোঁজ তিন বছরেও দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 02:22 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

তার বাবা ডা. ইফসুফ আলম মারা গেছেন গত বছর। মা আনোয়ারা বেগম ও স্ত্রী সালমা খাতুন জানেন না তাকে ফিরে পাবেন কি না। তুহিন নিখোঁজ হওয়ার পর তার ছেলে হয়েছে, যার বয়স এখন তিন বছরের কাছাকাছি (২ বছর ১১ মাস)।

২০১৩ সালের ৭ মার্চ থেকে শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি নিখোঁজ রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, ঢাকার শেরেবাংলা নগর ন্যাম ফ্ল্যাটে যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের বাসায় ওইদিন দুপুর পর্যন্ত তিনি অবস্থান করছিলেন। এরপর থেকে তাকে আর মোবাইল ফোনেও পাওয়া যায়নি।

তুহিনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করে আসছে পরিবারের সদস্যরা।

তুহিনের বড়ভাই বেনাপোল কলেজের প্রভাষক শরিফুল আলম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ৩ মার্চ বেনাপোলের মেয়র আশরাফুল আলম লিটন ও তুহিন গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাতে র‌্যাব তুহিনের বাড়িতে হানা দেয়। তবে তুহিন ওই সময় বাড়ি ছিলেন না। পরদিন সকালে তিনি ঢাকা চলে যান।

“নিখোজ হওয়ার পাঁচদিন পর আমার চাচাত ভাই সুমন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সেটি নিয়মিত মামলা হিসেবে পুলিশ গ্রহণ করে। এর সাত মাস পর মামলাটি ঢাকার গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।”

তুহিনের স্ত্রী সালমা খাতুন বলেন, তার স্বামী নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মোবাইল ফোন ব্যবহার করে একটি প্রতারক চক্র তুহিন তাদের কাছে আছে দাবি করে তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়।

“তুহিন নিখোঁজের এক মাস পর তাদের ছেলে হয়েছে, যার বয়স এখন ৩৫ মাস। এখনও ছেলের পূর্ণাঙ্গ নাম রাখা হয়নি। তবে ডাকা হয় তমাল বলে।”

এখনও তারা তুহিনের বাড়ি ফেরার আশা করেন। তিনি ফিরলে ছেলের নাম রাখা হবে বলে জানান সালমা।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, তুহিন নিখোঁজের দুই বছর পর গোয়েন্দা পুলিশ গত বছর বেনাপোলের ছাত্রলীগ নেতা জুয়েলকে যশোর থেকে আটক করে ঢাকায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদের পর বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটনের পিসিপিআর (আগের ব্যক্তিগত তথ্য) যাচাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

“এরপর গত বছরের ১১ ডিসেম্বরে স্থানীয় এক সাংসদের ব্যক্তিগত সহকারী, একজন আওয়ামী লীগ নেতা ও একজন যুবলীগ নেতার পিসিপিআর যাচাইয়ের তিনটি নোটিশ আসে ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানায়।”

অপূর্ব হাসান বলেন, ঢাকার শেরেবাংলা নগর থানার এই মামলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।