যশোরে উদীচীর অনুষ্ঠানে নিহতদের স্মরণ
নানা আয়োজনের মধ্য দিয়ে ১৭ বছর আগে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলায় নিহতদের স্মরণ করেছেন সংস্কৃতিকর্মীরা।
রোববার আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদী সঙ্গীত, সভা, মশাল প্রজ্বলন ও স্মারক বেদিতে শ্রদ্ধা নিবেদন।
সংস্কৃতিকর্মীরা এ দিনটিকে সংস্কৃতি রক্ষা দিবস হিসেবে পালন করে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
দিনের শুরুতে উদীচী যশোর কার্যালয়ে দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। এরপর রক্তদান কর্মসূচি পালন করা হয়। পরে শহরের টাউন হল ময়দানে উদীচীর স্মারক বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উদীচী যশোর জেলা সংসদ, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, যশোর ইন্সটিটিউট, জেলা শিল্পকালা একাডেমি, সুরবিতান, বিবর্তন যশোরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মারক বেদিতে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।
সন্ধ্যায় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে মশাল প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উদীচী যশোরের উপদেষ্টা কাজী আব্দুস শহীদ লাল। সূচনা বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডিএম শাহিদুজ্জামান।
বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বিপ্লব।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোরের টাউন হল মাঠে উদীচীর সম্মেলন চলাকালে বোমা হামলায় ১০ জন নিহত হন; আহত হন দুই শতাধিক মানুষ।
