২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

শরীয়তপুরের জাজিরায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 04:32 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

জাজিরা থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার সকালে উপজেলার চর জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোনা মিয়া হাওলাদার (৪০) ওই এলাকার লাল মিয়া হাওলাদারের ছেলে।

এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি হাতবোমা ও একটি শটগানের গুলিও উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ মিজানুর রহমানকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া  হচ্ছে। তিনি সোনা মিয়ার চাচাতো ভাই।

স্বজনদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চর জয়নগর গ্রামের লাল মিয়া হাওলাদারের সঙ্গে একই গ্রামের কাসেম হাওলাদার, মানিক হাওলাদার ও শীতল হালাদারদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“প্রতিপক্ষের সন্ত্রাসীদের ভয়ে লাল মিয়া হাওলাদার পরিবার নিয়ে কয়েকদিন আগে স্থানীয় মরণ খানের বাড়িতে আশ্রয় নেন। রোববার সকালে মরণ খানের বাড়িতে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ও হাতাহাতির এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই সোনা মিয়া মারা যান। গুলিবিদ্ধ হন মিজানুর।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোনা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।