২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ওষুধের ডিপোতে ডাকাতি, হামলায় আহত ৪

বরিশালে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির ডিপোর নিরাপত্তাকর্মীদের কোপানোর পর বেঁধে রেখে মালামাল লুটের ঘটনা ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 12:35 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

শনিবার রাত পৌনে ২টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিপোতে ডাকাতি হয় বলে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ জানিয়েছেন।

ডাকাত দলের হামলায় নিরাপত্তাকর্মী মামুন, আসলাম, মহারাজ ও আবুল আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানা কর্তৃপক্ষ থেকে তারা মৌখিকভাবে ডাকাতির অভিযোগ পেয়েছেন। তবে রোববার সকাল ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

ইনসেপ্টার বরিশাল ডিপোর ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা বরিশালে পৌঁছার পর মামলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গভীর রাতে ডিপোর পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে একদল ডাকাত ডিপোতে ঢুকে চার নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম করে বেঁধে রাখে।

“ডাকাতরা ভল্ট ভেঙ্গে নগদ টাকা, কম্পিউটারের ১০টি হার্ডডিস্ক, সিসি ক্যামেরা ও ওষুধভর্তি একটি পিকআপ ভ্যানসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করেছে।”

জাহিদুল জানান, ভোর পৌনে ৫টার দিকে ডেলিভারি অ্যাসিসটেন্ট মিরাজ হোসেন ডিপোতে গিয়ে পরিস্থিতি দেখে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা কর্মীদের হাসপাতালে পাঠান।

মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুব ভোরে ওষুধ নিয়ে তার ভোলা যাওয়ার কথা ছিল।

“ডিপোতে গিয়ে চার নিরাপত্তাকর্মী ও গাড়ি চালক মো. রাজিবকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পাই।”

গাড়িচালক রাজিব বলেন, “ভোর সোয়া ৪টার দিকে ডিপোতে গেলে দুইজন লোক পিস্তল দেখিয়ে আমাকে জিম্মি করে একটি রুমের মধ্যে হাত-পা বেঁধে আটকে রাখে।”