২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 01:25 AM

Updated : 12 Apr 2022, 01:34 AM

শনিবার রাত সাড়ে ৯টার দিকে আউটপাড়া এলাকার নিম্বল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করে বলে জানিয়েছেন শিল্প পুলিশের এএসআই শুক্কুর মাহমুদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিম্বল গার্মেন্টস কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন ও ওভারটাইমের বকেয়া টাকা শনিবার বিকাল ৫টার মধ্যে পরিশোধের কথা ছিল। কিন্তু রাত ৯টা পর্যন্ত মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ না করায় তারা বিক্ষুব্ধ হয়ে উঠে।

পরে রাত সাড়ে ৯টার দিকে মিছিল সহকারে চান্দনা চৌরাস্তায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। আধা ঘণ্টা পর রাত ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কারখানার অপারেটর মোবারক হোসেন ও রেনু বেগম জানান, না বাহানায় তিন মাস ধরে তাদের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করছেনা মালিকপক্ষ।

শনিবার বেতন দেওয়ার কথা থাকলেও কাউকে কিছু না বলে মালিকপক্ষের লোকজন রাতে কারখানা থেকে চলে যায়। পরে তারা বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করতে বাধ্য হন।

শিল্প পুলিশের এএসআই শুক্কুর মাহমুদ বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের চেষ্টা করা হচ্ছে।