২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কাউন্সিলরের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 01:07 AM

Updated : 20 Aug 2022, 12:03 PM

শনিবার দুপুরে শহরের শিববাড়ি রোডে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ছানাউর রহমান।

লিখিত বক্তব্যে ছানাউর অভিযোগ করেন, “৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল আমার ওয়ার্ডে এসে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার করছেন এবং মামলার বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন।

“এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মামুন মণ্ডল তার দলবল নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আমার গাড়ির গতিরোধ করে আমাকে ও আমার নাতিকে মেরে জখম করেন। এ সময় হামলাকারীরা দোকানপাট, অফিস, আসবাবপত্র, দুটি বাড়ি এবং একটি কারখানায় ভাংচুর ও লুটপাট চালায়।”

সংবাদ সম্মেলনে তিনি মামুন মণ্ডলকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা জানান, চাঁদাবাজি, মারামারি, সন্ত্রাস, আধিপত্য বিস্তার এবং পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন ঘটনায় মামুন মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

পুলিশ অ্যাসল্ট মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামুন মণ্ডলসহ অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও ওসি জানান।

সংবাদ সম্মেলনে ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন, আবুল হোসেন, আবুল হাসেম মিয়া, ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।