২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কাউন্সিল তামাশা: হানিফ

বিএনপির কাউন্সিলকে তামাশা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 01:27 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

“তেলাপোকাও একটা পাখি আর বিএনপিও একটি দল, তার আবার কাউন্সিল, এর চেয়ে হাস্যকর আর কিছুই নেই,” বলেছেন তিনি।

বিএনপির কাউন্সিলের প্রস্তুতির মধ্যে শনিবার কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন হানিফ।

বিএনপির কাউন্সিলে শীর্ষ দুই পদে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিপক্ষে কোনো প্রার্থী না থাকার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভেতরে কতটুকু গণতন্ত্রের চর্চা আছে, সেটা তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। এই কাউন্সিল নিয়ে যে তামাশা আর নাটক হচ্ছে, তা নিয়ে দেশবাসী অন্তত যারা গণতান্ত্রিক চর্চা করে তারা লজ্জাবোধ করছে।

“তারা (বিএনপি) বলছে, কাউন্সিলে চেয়ারপারসন আর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। সবাই জানে বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের ওই পদ দুটি কোন প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই সমস্ত নাটক করে রাজনীতিটাকে একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে বিএনপি।”

সরকাবিরোধী দল বিএনপির কাউন্সিল নিয়ে আওয়ামী লীগের কোনো ভাবনা নেই বলে জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

“বিএনপি এমন কোনো রাজনৈতিক দলই না, যেটাকে নিয়ে আওয়ামী লীগের কোনো ভাবনা আছে। এটা একটা জগাখিচুড়ি দল। কাউন্সিল নিয়ে বিএনপির তামাশা দেশবাসী দেখছে এবং এর জবাবও তারা পাবে।”

কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হানিফ।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দি।