২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোহিত হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

পঞ্চগড়ে পুরোহিত হত্যাসহ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 01:16 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটি দিনাজপুর চ্যাপ্টারের যৌথ আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা আহ্বায়ক বিধান কুমার চক্রবর্তী বাসু ও হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটি দিনাজপুর চ্যাপ্টারের সভাপতি প্রেমনাথ রায় বক্তব্য রাখেন।

সম্প্রতি ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রেমনাথ রায় সাংবাদিকদের বলেন, “অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সরকার ক্ষমতায় থাকার পরও সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা মেনে নেওয়া যায় না।”

সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।