মেয়েকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা
শিশু সন্তানকে হত্যার অভিযোগে বরিশালের উজিরপুরে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি।
উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার কমলাপুর গ্রামের ইমরান হোসেন মিলন মামলাটি করেন।
মামলায় স্ত্রী নাজমা বেগমসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, পারিবারিক কলহের জেরে তিন বছর ধরে মেয়ে স্বপ্নাকে (৪) নিয়ে উপজেলার তেরদ্রোন গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন নাজমা বেগম।
“শুক্রবার সকাল ৯টার দিকে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী স্বপ্না।
অনেক খোঁজাখুজির পর সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়।”
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
স্বপ্নার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে পুলিশ কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, মেয়ের মৃত্যুর খবর পেয়ে মিলন ঘটনাস্থলে না গিয়ে মামলা করার জন্য আইনজীবী নিয়ে থানায় হাজির হন।
তবে এর আগেই পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে বলে জানান তিনি।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। তাই ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মামলার কোনো আসামিকে হয়রানি করা হবে না।
