২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটো ভাড়া নিয়ে বিতণ্ডা, শাবি ফটকে ভাংচুর

সিলেটে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 10:18 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনার সময় কয়েকটি অটোরিকশা ভাংচুরও করা হয় বলে জানান জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত ভাড়া দাবি করায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের ছাত্র হাসান তানভীরের সঙ্গে এক অটোরিকশা চালকের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাসান ওই অটোরিকশা চালকের গায়ে হাত তোলেন।

পরে কয়েকজন অটোরিকশা চালক সংগঠিত হয়ে হাসানসহ আরেক শিক্ষার্থীর উপর হামলা করে। এর কিছুক্ষণ পরে হাসানের পক্ষ হয়ে আবাসিক হল থেকে একদল ছাত্র প্রধান ফটকে সিলেট-সুনামগঞ্জ সড়কে কয়েকটি অটোরিকশা ভাংচুর করে। 

এ সময় শিক্ষার্থীরা একটি অটোরিকশা ক্যাম্পাসে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি আক্তার হোসেন।

অটোরিকশা চালককে মারধরের অভিযোগের বিষয়ে হাসান তানভীরের মোবাইলে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর কবির বলেন, ভাড়া নিয়ে কথা কাটাকাটির পর পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।