ঝিনাইদহে শিবির নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় এক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হিঙ্গারপাড়া গ্রামের মাঠে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে হরিণাকুণ্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান।
নিহত জসিম উদ্দিন (২৩) গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
ওসি বলেন, “জসিম গান্না ইউনিয়নের শিবিরের সভাপতি ছিলেন। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।”
পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৭ জানুয়ারি সদর থানার বেলেখাল বাজারে ধর্মান্তরিত গ্রাম ডাক্তার সমির হত্যাকাণ্ডের পর থেকে জসিমের সন্ধান পাওয়া যাচ্ছিল না।”
ওই খুনের ঘটনায় জসিম জড়িত কিনা- সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ওসি। কারা জসিমকে হত্যা করেছে- সে বিষয়েও কিছু জানাতে পারেননি।
৭ জানুয়ারি দুপুরে বেলেখাল বাজারে নিজের চেম্বারে দুর্বৃত্তের ছুরিতে খুন হন সমির আলী বিশ্বাস (৮৫)। ওই ঘটনায় তার ছেলে মনিরুজ্জামান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার চার দিন পর ১১ জানুয়ারি উপজেলার নারানপুর গ্রামের মিলন মিয়া (২৭) ও রামনগর গ্রামের সফিকুল ইসলাম কাজল (২৩) নামের দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
