২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঙ্গুর নেওয়ার অভিযোগে শিশু রিয়াদকে হত্যা

কুমিল্লায় দোকান থেকে না বলে ফল নেওয়ার অভিযোগে শিশু রিয়াদকে শ্বাসরোধে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন প্রতিবেশী আলমগীর হোসেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 11:49 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার বিকেল ৩টায় বিচারিক হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে ফল ব্যবসায়ী আলমগীর (২২) এ কথা স্বীকার করেন বলে জানান পিপি মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মনোহরগঞ্জ উপজেলার পুরাতন হাসপাতালের সামনের নালা থেকে শিশু রিয়াদের (১০) বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।

পিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হত্যাকাণ্ডের সাথে আরও তিনজন জড়িত ছিল বলেও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আলমগীর।

অন্য তিনজন হলেন ফারুক হোসেন (১৪), আজিম ও মিজান।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সাংবাদিকদের বলেন, “আলমগীর স্বীকার করেছেন, রোববার বিকেলে তার দোকান থেকে না বলে আঙ্গুর নিয়েছিল শিশু রিয়াদ। এ কারণে আলমগীরের দোকানের কর্মচারী ফারুকের সাথে রিয়াদের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

“এরই জের ধরে রাতে ওই চারজন রিয়াদকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তায় ভরে ফেলে দেয়।”

জড়িত অন্যদের আটকের অভিযান শুরু হয়েছে বলে পুলিশ সুপার জানান।

রিয়াদ ছিল দিশাবন্দ পশ্চিমপাড়ার হোটেল শ্রমিক খোকন মিয়ার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

এ ঘটনায় রিয়াদের বাবা খোকন অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করলে বুধবার সকালে দিশাবন্দ এলাকা থেকে আলমগীর ও ফারুক হোসেনকে (১৪) আটক করে পুলিশ।

আটক আলমগীর দিশাবন্দ গ্রামের আবুল কালামের ছেলে। ফারুক একই গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং আলমগীরের দোকানের কর্মচারী। ফারুকের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে গাজীপুরের শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুরনো খবর:

কুমিল্লায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ