কুমিল্লায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ
কুমিল্লার মনোহরগঞ্জে এক দিন আগে নিখোঁজ এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র জানান, মঙ্গলবার সকালে উপজেলার পুরাতন হাসপাতালের সামনের নালায় দশ বছর বয়সী ছেলেটির লাশ পাওয়া যায়।
নিহত রিয়াদ উপজেলার দিশাগঞ্জের খোকন মিয়ার ছেলে। রোববার থেকে রিয়াদের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে তার বাবা পুলিশকে জানিয়েছেন।
কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ওসি বিপুল।
তিনি বলেন, সকাল ৯টার দিকে নালায় একটি বস্তা দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ বস্তার ভেতর থেকে রিয়াদের লাশ উদ্ধার করে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।
তিন দিন আগে এই কুমিল্লাতেই এক মুদি দোকানির দুই ছেলে খুন হওয়ার পর তাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া সৎভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন শিশু দুটির মা।
এ পরিস্থিতিতে কোথাও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সোমবার সংসদে বলেন, “শিশু হত্যার ঘটনায় আমি ধিক্কার জানাই। যারা শিশু হত্যার সাথে জড়িত, আমি আশা করি আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়ে সর্বোচ্চ শাস্তি দেবে।”
