হেরোইন বহনের দায়ে যাবজ্জীবন
হেরোইন বহন করার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চরদেবীনগর গ্রামে। হেরোইনসহ গ্রেপ্তার হলেও জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন তিনি।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়া আব্দুল মান্নান নামে একজনকে খালাস দিয়েছে আদালত।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০০৯ সালের ১০ ডিসেম্বর সকালে সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় একটি বাস থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আব্দুল মালেক ও আব্দুল মান্নানকে আটক করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির।
এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
