২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ডাব বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে ডাব ওঠানো নিয়ে ঝগড়ার জেরে মারধরে আহত এক ডাব বিক্রেতার মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার ভাই।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 07:20 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বিজয়নগর থানার ওসি মুস্তফা কামাল পাশা বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ডাব বিক্রেতা এলাস মিয়া (৪০) উপজেলার কামালমোড়া গ্রামের আবেদ মিয়ার ছেলে।
আহত সাঈদ মিয়াকে (২৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষদর্শীর বরাত দিয়ে হাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাঈন উদ্দিন জানান, দুপুরে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রেনে ডাব বিক্রি করতে ওঠেন এলাস। এ সময় এক যাত্রীর পায়ে ডাবের আঘাত লাগলে তার সঙ্গে এলাসের কথা কাটাকাটি হয়।

“পরে ট্রেনটি মুকুন্দপুর রেল স্টেশনে পৌঁছালে ওই যাত্রী ফোন করে তার গ্রাম থেকে কয়েকজনকে ডেকে এনে এলাস ও তার ভাই সাঈদকে মারধর করেন।”
স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এলাসকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ওসি বলেন, এ ঘটনায় জড়িত একজনের বাড়ি উপজেলার সেজামোড়া গ্রামে বলে প্রতক্ষদর্শীরা জানালেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।