কালিয়াকৈরে ব্যাংকের কোটি টাকার ট্রাংক লুট
গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংকের এটিএম বুথের জন্য আনা কোটি টাকা বোঝাই ট্রাংক ডাকাতরা লুটে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় ডাচবাংলার এটিএম বুথে এ ঘটনা ঘটে।
ডাচবাংলা ব্যাংকের শফিপুর শাখার ম্যানেজার শওকত আলী জানান, ‘মানিপ্ল্যান্ট’ নামের একটি নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের ব্যাংকের এটিএম বুথগুলোতে টাকা সরবরাহের কাজ করে দেয়।
ওসি মোতালেব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিপ্ল্যান্টের কর্মীরা কয়েক কোটি টাকা নিয়ে বিভিন্ন বুথে জমা রাখতে বেরিয়েছিলেন। তারা হরিণহাটিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাচবাংলার এটিএম বুথে গেলে পিক-আপ ভ্যানে করে আসা ১০-১২ জনের একটি দল হামলা চালিয়ে দুটি ট্রাংক লুটে নিয়ে যায়।
প্রাথমিকভাবে এক কোটি দুই লাখ টাকা লুটের তথ্য পুলিশকে জানানো হয়েছে। তবে হিসেব করে দেখার পর সঠিক সংখ্যা জানা যাবে বলে জানান ওসি।
তিনি বলেন, ডাকাতির এই ঘটনায় ওই বুথে দায়িত্বরত লিয়াকত হোসেন নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
মানিপ্ল্যান্টের কর্মকর্তারা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।
এ বিষয়ে জানতে চাইলে ডাচবাংলা ব্যাংকের উপ মহাব্যবস্থাপক আবুল কাশেম মো. শিরিণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালিয়াকৈরে একটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে মানিপ্ল্যান্ট আমাদের জানিয়েছে। তবে এ বিষয়ে ব্যাংকের কোনো দায়-দায়িত্ব নেই।”
তিনি বলেন, “ব্যাংকের সাথে চুক্তিতেই বলা আছে, রাস্তা বা অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব মানিপ্ল্যান্টের। মানিপ্ল্যান্টের লোকেরাও তো এর সাথে থাকতে পারে; ব্যাংক এর দায় নেবে না।”
