২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট সদরের ৫ ইউনিয়নে নেই বিএনপি প্রার্থী

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 10:40 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

বুধবার মনোনয়নপত্র জমা শেষ হওয়ার পর দেখা যায়, উপজেলার ধলাহার ও দোগাছী এই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

আর বাকি সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিদ্রোহী, বিএনপি ও স্বতন্ত্র থেকে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তবে ধলাহার ও দোগাছী ইউনিয়নের পাশাপাশি পুরানাপৈল, জামালপুর ও বম্বু নিয়ে মোট পাঁচটি ইউনিয়নে বিএনপি’র কোনো প্রার্থী মনোনয়পত্র জমা দেননি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান।

নয় ইউনিয়নের মধ্যে ধলাহার ও দোগাছী ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রাথী দুজন হলেন যথাক্রমে ফয়েজ উদ্দিন ও জহুরুল ইসলাম।

মোহাম্মদাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান, বিএনপি’র আব্দুল হামিদ দুলাল এবং স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম ও নার্গিস হক চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।

পুরানাপৈল ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী খোরশেদ আলম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিখিল চন্দ্র মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী শফিউল আলম সাইফুল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।

ভাদশা ইউনিয়নে আওয়াম লীগ প্রার্থী হাতেম আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একে আজাদ এবং বিএনপি প্রার্থী ইসমাইল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জামালপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাসানুজ্জামান মিঠু ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোর্শেদ আলম সরদার মনোনয়নপত্র জমা দেন।

বম্বু ইউনিয়নে আওয়ামী লীগের মোল্ল্যা সামছুল আলম, স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া, আতাউর রহমান ও এনামুল হক মণ্ডল মনোনয়নপত্র দাখিল করেন।

আমদই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত শাহানুর আলম সাবু, বিএনপির গোলাম রব্বানী, স্বতন্ত্র প্রার্থী শাহ আলম দেওয়ান ও জাফর ইকবাল নাসির মনোয়নপত্র দাখিল করেন।

চকবরকত ইউনিয়নে আওয়ামী লীগের শাজাহান ও বিএনপির আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী মুকুল সরকার এবং মামুনুর রশিদ মনোনয়নপত্র দাখিল করেছেন। 

ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদের প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা পদের প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান।

জামালপুর, আমদই, পুরানাপৈল ইউনিয়ন পরিষদসহ অন্যান্য ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের বিগত দিনের সুশাসনের ফলে জনসাধারণ তাদের পক্ষে রায় দেবেন।

একই কারণে নির্বাচিত হতে পারবেন না বলে পাঁচ ইউনিয়নে বিএনপি কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেননি বলেও দাবি করেন তারা।

অন্যদিকে নয় ইউনিয়নের সবকটিতে মনোনয়নপত্র তুললেও মাত্র চারটিতে জমা দেওয়ার কারণ জানতে চাইলে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক ফজলুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল না করার বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও বিএনপি মনোনীত অনেক প্রার্থীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তবে ধলাহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তোজাম্মেল হোসেন অবশ্য মোবাইল ফোনে জানান ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।

এ দিকে ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র সকল তথ্য নিশ্চিত করে এ ব্যাপারে কোনো পক্ষেরই কোনো আশঙ্কার কারণ নেই বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালেব।