২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ব্যাংককর্তা উদ্ধার, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 09:51 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

বুধবার বিকালে রায়পুর উপজেলার নতুন বাজারের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান রায়পুর থানার ওসি মো. লোকমান হোসেন

উদ্ধার মো. জিল্লুর রহমান লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের ঋণ শাখার জুনিয়র অফিসার।

গ্রেপ্তার আনোয়ার হোসেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ইকবাল হোসেন।

এ ঘটনায় অপহৃতের স্ত্রী খাদিজা বেগম পান্না রায়পুর থানায় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েল, পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ার হোসেনসহ তিনজনকে আসামি করে একটি অপহরণ মামলা করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে খাদিজা বেগম বলেন, বুধবার সকালে ব্যাংকে কাজ করছিলেন জিল্লুর। এ সময় জিল্লুরকে মোবাইল ফোনে ঋণের কথা বলে ব্যাংকের নিচে চায়ের দোকানে আসতে বলেন সালাউদ্দিন জুয়েল।

“তাদের কথা মতো জিল্লুর চায়ের দোকানে যান। এ সময় পাশে একটি মোটরসাইকেলে বসা ছিলেন আনোয়ার হোসেন ও অন্য একজন। এক পর্যায়েয় জুয়েল, আনোয়ারসহ অজ্ঞাত সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিল্লুরকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।”

নতুন বাজারের একটি বাসায় তাকে আটক করে শারীরিক নির্যাতন চালায় এবং মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান তিনি।

ওসি মো. লোকমান বলেন, মুক্তিপণের এক লাখ টাকা নিয়ে পুলিশের সহযোগিতায় মো. জিল্লুকে উদ্ধার এবং আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।