আশুলিয়ায় পুড়ল ১০ ঝুট গুদাম
সাভারের আশুলিয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডে দশটি ঝুটের গুদাম ভষ্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার গোরাট এলাকার নাভানা গেটের পাশে ঝুট গুদামে আগুন লাগার পর সাড়ে চারঘণ্টা চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানান তিনি।
ডিইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া বলেন, ভোরে ইমরান হাজীর ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
“ডিইপিজেড, সাভার, ধামরাই ও টঙ্গী ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকালে সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততোক্ষণে ১০টি গুদামঘর ও ভিতরে থাকা সমস্ত ঝুট কাপড় পুড়ে যায়।”
খাইরুল ইসলাম নামের এক গুদাম মালিক বলেন, আগুনে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকায় পৌঁছাতে পারে।
প্রথমে যার গুদামে আগুন লেগেছিল, সেই ইমরান হাজীর সন্দেহ, ‘শত্রুতা করে’ কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।
তবে তদন্ত ছাড়া আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ।
