২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌতুকের দাবিতে’ গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফেনীর সোনাগাজীতে ‘যৌতুকের দাবিতে’ এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে তার স্বজনা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 01:43 AM

Updated : 20 Aug 2022, 12:01 PM

জয়নব প্রিয়া (২০) ছিলেন চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনী পাড়া গ্রামের আমির হোসেন মাঝির মেয়ে এবং একই গ্রামের আমিরাত প্রবাসী ইসমাইল হোসেন মিয়াধনের (৩০) স্ত্রী।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে প্রিয়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়ার পর সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত প্রিয়ার মা রোকেয়া বেগম পুলিশের কাছে অভিযোগ করেন, তিন বছর আগে বিয়ের পর থেকেই প্রিয়ার শ্বশুর মোশারফ হোসেন, শাশুড়ি মোহছেনা খাতুন ও দেবর জুয়েল যৌতুকের জন্য প্রিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

“মাসখানেক আগে প্রিয়ার স্বামী ইসমাইল আরব আমিরাত থেকে দেশে ফিরে এলে সবাই মিয়ে সোমবার দিনভর প্রিয়াকে বেধড়ক পিটিয়ে হাত-পা বেঁধে ঘরের ভিতরে আটকে রাখে এবং মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী আবুল বশরের বাড়ির পাশে পুকুরপাড়ে একটি গাছে প্রিয়ার লাশ গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায়।”

প্রতিবেশী ও স্বজনরা প্রিয়াকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি হুমায়ুন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎক সালেহ উদ্দিন জানান, প্রিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় প্রিয়ার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে বলে ওসি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।