৩৩ কেজি বিস্ফোরকসহ আটক ২
জয়পুরহাটে ৩৩ কেজি বিস্ফোরক দ্রব্যসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আজাদুল ইসলাম বাবু ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লুৎফর রহমানের ছেলে আতাউর রহমান।
জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের আটাপাড়া ক্যাম্পের সুবেদার দেলোয়ার সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির এই ক্যাম্পের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৭ কেজি গানপাউডার এবং এটা বহন করার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।
“এর আগে সোমবার রাতে একই স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বালতি থেকে আরও ১৫ কেজি বিস্ফোরক দ্রব্য আটক করা হয়।”
এগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল খবির বলেন, “পাউডারজাতীয় এই বিস্ফোরক দ্রব্য নাশকতার উদ্দেশ্যে অবৈধ্য পথে ভারত থেকে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
“বিস্ফোরক দ্রব্যের সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছেন বিজিবি সদস্যরা।”
মামলার পর আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলে সুবেদার দেলোয়ার জানিয়েছেন।
