গাজীপুরে কারখানা থেকে গ্যাস শোষকযন্ত্র বিচ্ছিন্ন
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়ার একটি সোয়েটার কারখানা থেকে অবৈধ বুস্টার (গ্যাস শোষক যন্ত্র) বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার নেক্সাস সোয়েটার নামের কারখানা থেকে এই যন্ত্র বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই কারখানা কর্তৃপক্ষ তাদের গ্যাসলাইনে শক্তিশালী বুস্টার স্থাপন করে অতিরিক্ত গ্যাস টেনে নিয়ে কারখানা পরিচালনা করত।
“এ কারণে ভোগড়াসহ আশপাশের আবাসিক এলাকার গ্রাহকরা গ্যাস পাচ্ছিলেন না। পরে খবর পেয়ে বুস্টার খুলে ফেলায় এলাকাবাসী রান্নার প্রয়োজনীয় গ্র্যাস পেয়ে সন্তোষ প্রকাশ করেছে।”
এ ধরনের মেশিন দিয়ে খনি থেকে গ্যাস উত্তোলন করা হয় যা কারখানায় সংযোগের বৈধতা নেই বলে ব্যবস্থাপক জানান।
