নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
রাজশাহীর বাগমারায় নিখোঁজের চারদিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার কালাপাড়ার এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বাগমারা থানার ওসি মতিয়ার রহমান।
নিহত আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার দ্বিপুর গ্রামে। দ্বিপুর বাজারে তার একটি মুদির দোকান রয়েছে।
আনোয়ারের ছেলে সাইফুল ইসলাম বলেন, বাজেটের আগে সিগারেট কিনে দোকানে স্টক করার পরামর্শ দেন একই গ্রামের আব্দুল মান্নানের জামাতা নওগাঁর রাণীনগর এলাকার মজনুর রহমান মজনু। সেইসঙ্গে রাণীনগর থেকে কম দামে সিগারেট কিনে দেওয়ার কথাও বলেন।
“সেই অনুযায়ী শুক্রবার দুপুরের পর এক লাখ ২০ হাজার টাকা নিয়ে তার সঙ্গে বাড়ি থেকে বের হন বাবা। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।”
সাইফুল আরও বলেন, “শনিবার সন্ধ্যা পর্যন্ত বাবার কোনো খোঁজ না পেয়ে পুলিশকে জানাই। মঙ্গলবার সকালে বাবার লাশ উদ্ধার করে পুলিশ।”
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে স্থানীয়রা কলাপাড়ায় আনোয়ারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর থেকে মজনুকে পাওয়া যাচ্চে না বলে জানান তিনি।
