দীপা হত্যা: আল আমিনের ফাঁসির রায়
নরসিংদীর বেলাবোতে বছরখানেক আগে রিনভী আক্তার দীপা হত্যা মামলার বিচারে একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত আল আমিন বেলাবো উপজেলার বাজনাব সৈয়দপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। সে এলাকার আখের রস বিক্রেতা।
মঙ্গলবার নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাতেমা নজীব এই রায় দেন।
আদালতে বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি ন ম রুহুল আমিন, আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ ।
এই মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে ফাঁসির আদেশ বলে পিপি আনম রুহুল আমিন জানান।
মামলার নথি থেকে জানা যায়, ঘটনার দিন বিকালে দীপা তার এক বান্ধবীকে নিয়ে গ্রামে হাঁটতে বের হয়। এসময় আল আমিন তার কাছে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে। এতে ক্ষিপ্ত হয়ে দীপাকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আল আমিন।
তাকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।ওই রাতেই এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরদিন নিহতের ভাই আতিকুজ্জামান অঙ্কুর (৪২) বাদী আল আমিনকে আসামি করে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান বেলাব থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।
দীপার বাবা শামসুজ্জামান জানান, তার মেয়ে এসএসসি পরীক্ষায় ‘গোল্ডেন’ জিপিএ পেয়েছিল। দুই ভাই ও দুই বোনের মধ্যে দীপা ছিল সবার ছোট।
তার বড় ভাই স্কুলশিক্ষক সৈয়দ ফারুকুজ্জামান বলেন, “আল আমিন দীপাকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরপর বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো।”
