২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘প্রতিপক্ষকে সমর্থন দেওয়ায়’ সিরাজগঞ্জের শাহজাদপুরের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 01:44 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

নিহত কোরবান আলী (৩৮) ছিলেন কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়াতৈল গ্রামের হাজী আব্দুল আজিজের ছেলে।

শাহজাদপুর থানর ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সোয়া ১০টার দিকে শায়েস্তাবাজ স্কুলের কাছে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

“নিহতের পরিবার অভিযোগ করেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই নিয়ে দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের লোকেরা তাকে হত্যা করেছে।”

হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।

কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল আলম ঝনু অভিযোগ করেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোরবান আলী আমাকে সমর্থন দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসিবুল হাসান তার লোকজন দিয়ে তাকে হত্যা করেছে।”

এ বিষয়ে হাসিবুল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।