২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী আ. লীগের ২৬ নেতা-কর্মীর অভিযোগ গঠন পেছাল

ফেনী আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের আলোচিত অস্ত্র মামলার অভিযোগ গঠন পিছিয়ে গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 11:54 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

সোমবার মামলাটির অভিযোগ গঠনের দিন নির্ধারিত থাকলেও সব আসামিকে আদালতে হাজির না করায় জেলার দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ অভিযোগ গঠন করতে পারেননি।

আদালতের সরকারি আইনজীবী হাফেজ আহম্মদ সাংবাদিকদের জানান, গ্রেপ্তার ২৬ আসামির মধ্যে ১৪ জন গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকায় মাত্র ১২ জনকে হাজির করা হয়। বিচারক মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন ২৯ মার্চ।

গত বছর ৬ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় র‌্যাব তল্লাশি চালিয়ে তিনটি মাইক্রেবাস থেকে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২২টি দেশি আগ্নেয়াস্ত্র ও প্রায় দেড়শ’ রাউন্ড গুলি ও কার্তুজসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের ২৬ নেতা-কর্মীকে আটক করে।

ঘটনার পরদিন র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম বাদী হয়ে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার সিআইডি পুলিশের পরিদর্শক মো. গোলাম মোস্তফা গত ২৮ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।