২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সীমান্তেও কাঁটাতার দেবে বাংলাদেশ: বিজিবি প্রধান

মিয়ানমার সীমান্তের মতো ভারত সীমান্তেও বাংলাদেশ কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 10:09 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

সোমবার দুপুরে ঝিনাইদহের খালিশপুরে বিজিবির এক অনুষ্ঠানে তিনি জানান, প্রথমে মিয়ানমার সংলগ্ন টেকনাফে ২০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। তারপর পর্যায়ক্রমে সব সীমান্তে বেড়া নির্মাণ করা হবে।

খালিশপুরে বিজিবির নবগঠিত ৫৮ ব্যাটালিয়নের কার্যালয় প্রাঙ্গণে ‘সমৃদ্ধির পথে সীমান্ত’ প্রকল্পের অধীনে ঝিনাইদহ ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় বসবাসকারী অসচ্ছলদের জীবিকা অর্জনের উপকরণ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সীমান্তে চোরাচালান, মানুষ পাচারসহ নানা অপরাধে জড়িত হতে পারে এমন মানুষদের টার্গেট করে এই প্রকল্পর কাজ চলছে বলে জানান তিনি।

প্রকল্পে উদ্বোধনের দিন একটি নসিমন, সাতটি অটোভ্যান, ১১টি সেলাই মেশিন, দুটি সেচযন্ত্র ও দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ২৯টি উপকরণ বিতরণ করেন বিজিবি প্রধান।

দেশের সব সীমান্ত এলাকায় এ ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।