২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালিশে জরিমানার পর যুবকের আত্মহত্যা

একটি ব্যাটারিচালিত অটোরিকশা হারানোয় সন্ধ্যায় এক সালিশে জরিমানা করার পর রাতে সেটির চালক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

সোমবার দুপুরে নীলফামারীর দুহুলী এলাকায় মৃতের বাড়ির ৫০ গজ দূরের এক জাম গাছে ঝুলন্ত অবস্থায় মঞ্জুরুল আলমের লাশ উদ্ধার করা হয়েছে বলে সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান।

নিহত মঞ্জুরুল আলম (৩০) ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে।

মঞ্জুরুলের বাবা লিয়াকত আলী বলেন, ‘ওই ইউনিয়নের দুহুলী বাজারপাড়ার রশিদুল ইসলামের মালিকানার একটি ইজিবাইক ভাড়ায় চালাত মঞ্জুরুল আলম। গত ১৪ ফেব্রুয়ারি যাত্রী নিয়ে মঞ্জুরুল রংপুর শহরে গিয়ে ইজিবাইকটি হারিয়ে ফেলে।’

‘এ ঘটনায় গত রোববার সন্ধ্যায় দুহুলী বাজারে এলাকার লোকজনের উপস্থিতিতে সালিশ বৈঠকে মঞ্জুরুল আলমের কাছে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। মঞ্জুরুল ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হন।’

এ অবস্থায় সালিশে ওই অর্থ পরিশোধের দিন ধার্য করে পহেলা মার্চ ফের একই স্থানে বৈঠকের আহ্বান করা হয়। এ ঘটনার পর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মঞ্জুরুল আলম বলে জানান তিনি।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এঘটনায় মঞ্জুরুলের বাবা লিয়াকত আলী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।