বেনাপোল শুল্কভবনে কলম বিরতি পালন
সহকর্মীদের উপর হামলায় অভিযুক্তদের বিচারের দাবিতে এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছে বেনাপোল শুল্কভবনের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার দুপুর ১২টা থেকে বেনাপোল শুল্কভবনের সব কর্মকর্তা-কর্মচারী এক ঘণ্টা কলম বিরতি পালন করেন বলে জানান শুল্কভবনের ডেপুটি কমিশনার মারুফুর রহমান।
তিনি বলেন, “কাস্টমসে নিলাম ডাকা হলেই বহিরাগরা প্রভাব খাটিয়ে তা হাতিয়ে নিতে চায়।
“এবারও নিলাম শুরুর বিষয়ে কথা বলতে ১২ ফেব্রুয়ারি দুপুরে ৩০/৩৫ জন মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করতে তার অফিসে আসে। এক পর্যায়ে তারা মোস্তাফিজুর রহমানের উপর হামলা চালায়। ওই সময় ডেপুটি কমিশনার নিতিশ বিশ্বাস বাধা দিতে গেলে তাকেও মারধর করে।”
এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে ওই দিনই রাত ৮টায় বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান একটি মামলা করেন।
বেনাপোল পোর্ট থানার এসআই ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আসামিরা আত্মগোপনে থাকায় আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।”
অন্যদিক, মামলার দুই আসামি আকুল হোসেন ও মোহাম্মাদ আলী যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক শাহাজান আলী তাদের জামিন নামঞ্জুর করে গত সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
