২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ‘শাশুড়ির আগুনে’ দগ্ধ গৃহবধূর মৃত্যু

রংপুরের পীরগাছায় তিন দিন আগে দগ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে, যার গায়ে শাশুড়ি আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 11:47 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

রোববার রাত ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাহমিনা (৩২) মারা যান বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার আজমল হোসেন জানিয়েছেন।

বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক মারুফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাতে তহমিনাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার বুক থেকে কোমর পর্যন্ত ও দুই হাতসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল, অবস্থা ছিল আশঙ্কাজনক।

“তার চিকিৎসার জন্য রোববার সকালে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাত সাড়ে ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।”

তাহমিনার মা মরিয়ম বেগম হাসপাতালে সাংবাদিকদের বলেন, ১৩ বছর আগের বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার মেয়েকে মারধর করা হতো। তার হাত-পাও ভেঙ্গে দেওয়া হয়, কানে থাপ্পড় দেওয়ায় শ্রবণশক্তিও হারায় তহমিনা।

“শেষমেশ গায়োত আগুন লাগে দেলে। মেয়েটা মোর জ্বলি-পুড়ি মরি গেল।”

পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব চণ্ডিপুর গ্রামে শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ হয় তাহমিনা।

“তাহমিনা বলেছে, স্বামীর প্ররোচনায় শাশুড়ি তার গায়ে জলন্ত কুপি ছুড়ে দেয়।”

ঘটনার পর শুক্রবার রাতে তার স্বামী আব্দুল মান্নানকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি আমিনুল।

“শনিবার মান্নান ও তার বাবা-মাকে আসামি করে মামলা করেছেন তাহমিনার বড় ভাই মোস্তফা। তার স্বামী গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছে; তাদের বাড়িতে ঝুলছে তালা।”

একই গ্রামের ইটভাটার শ্রমিক তৌফিকুর রহমানের মেয়ে তাহমিনার সঙ্গে ১৩ বছর আগে ফল ব্যবসায়ী মান্নানের বিয়ে হয়। তাদের দুই মেয়ে রয়েছে।