২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নিয়ে গর্ব পবিত্র করের

বাংলাদেশের রাজনীতিতে হানাহানি অনেকটাই কমে গেছে বলে মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 08:48 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

রোববার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এ মন্তব্য করে তিনি বলেন, “এজন্য আমরা গর্ব করি।”

দুপুরে বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখেন।

“বাংলাদেশের সরকার অসাম্প্রদায়িতক চেতনায় বিশ্বাসী না হলে এটা কোনোভাবেই সম্ভব হতো না,” বলেন ভারতীয় এই নেতা।

পবিত্র কর বলেন, আগে দেশের উন্নয়ন দরকার, এজন্য রাজনীতি স্থিতিশীল হতে হবে। দেশের উন্নয়নের কথা চিন্তা করে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেতে হবে।

গণগ্রন্থাগার পরিচালনা পরিষদ ও উপজেলা ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজয়নগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন-নেছা শিউলী, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমুখ।

দীপক চৌধুরী বাপ্পী জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে রয়েছে পবিত্র করের পৈত্রিক ভিটা। তাই সময় ও সুযোগ হলেই তিনি ছুটে আসেন এখানে।

রোববার সকালে তিনি বাংলাদেশে আসেন। পরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা যান বলে জানান বাপ্পী।