বরিশালে দুই দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে।
রোববার বিকালে বরিশাল নগরীর কাশিপুরে নিহত হয় দিয়াপাড়ার শেখর দাসের সাত বছরের মেয়ে শ্রাবন্তী।
উজিরপুরে নিহতরা হলেন উপজেলার উত্তর ধামুরা গ্রামের আকবর হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার (১৬) ও মো. শরীফের ছেলে মো. হাসান (১৮)।
মোস্তফা হাওলাদার ধামুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল এবং মো. হাসান পেশায় রাজমিস্ত্রি।
মোস্তফার বাবা আকরব হাওলাদার তিন মাস আগে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
উজিরপুর থানার এসআই কামাল পাশা জানান, পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে হাসানের সঙ্গে সানুহার যাচ্ছিল মোস্তফা। পথে বরিশাল থেকে সাতলাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন তারা।
“বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
‘তাহসিন-২’ নামের বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই কামাল।
বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি রেজাউল ইসলাম জানান, বিকাল ৫টার দিকে কাশিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান শিশু শ্রাবন্তীকে (৭) ধাক্কা দেয়।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
