২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে যুব সংহতি নেতার মস্তক বিচ্ছিন্ন লাশ, আটক ২

হবিগঞ্জের বাহুবলে জাতীয় যুব সংহতির এক নেতার মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ, জমির বিরোধে যাকে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা। 

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 02:50 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

রোববার সকালে দাশপাড়ায় সিলেট-আখাউড়া রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত রফিক মিয়া উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি উপজেলার মিরপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি ছিলেন।  

এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুজ জাহির ও আবুল কালাম নামে দুই জনকে আটক করা হয়েছে। জাহির হলেন রফিকের দূর সম্পর্কে চাচা।

বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন পরিবারের বরাত দিয়ে বলেন, রফিক পেশায় একজন রাজমিস্ত্রী। সম্প্রতি মিরপুর ইউনিয়ন যুব সংহতির নতুন কমিটিতে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। গত এক সপ্তাহ ধরে রফিক জলবসন্ত রোগে ভুগছিলেন।

“শনিবার রাতে খাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে যান রফিক। সকালে বাড়ির পাশে তার রক্তমাখা গেঞ্জি, একটি রক্তমাখা কুড়াল ও পাশের একটি পুকুর থেকে তার পরনের লুঙ্গি উদ্ধার করে পুলিশ।

“পরে আশপাশে তল্লাশি চালিয়ে রেললাইনে তার মস্তক বিচ্ছিন্ন লাশ পাওয়া যায়।”

নিহতের ছোট ভাই ছাদিক মিয়া বলেন, “বাড়ির সামনের রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এর জেরেই আমার ভাইকে হত্যা করা হয়েছে।”

দিন পনেরো আগে এই বাহুবলেই পঞ্চায়েতের বিরোধে চার শিশকে অপহরণের পর হত্যা করা হয়। পরে বিলের মধ্যে তাদের বালিচাপা লাশ পাওয়া যায়।