গৃহবধূকে হত্যার অভিযাগ, স্বামী শ্বশুর শাশুড়ি আটক
ময়মনসিংহে ‘পারিবারিক কলহের’ জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান, নিপা (২০) নামের ওই তরুণীকে শনিবার রাতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এরপর রোববার সকালে শহরের আলীয়া মাদ্রাসা রোড থেকে তার স্বামী আরেফিন, শ্বশুর আক্কাস আলী ও শাশুড়ি মাহমুদা বেগমকে আটক করে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত অক্টোবরে শহরের চরপাড়ার দুলাল উদ্দিনের মেয়ে নিপার সঙ্গে আরেফিনের বিয়ে হয়।
প্রেমের বিয়ে হওয়ায় এতে আরেফিনের পরিবারের সম্মতি ছিল না। এ নিয়ে বিয়ের পর থেকেই কলহ চলছিল বলে নিপার পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
“তারা অভিযোগ করেছে, শনিবার রাতে আরেফিন ও তার মা-বাবা মিলে নিপাকে মারধর করে। এতে নিপা অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
সকালে পরিবারের কাছে খবর পেয়ে হাসপাতাল থেকে নিপার লাশ উদ্ধার করা হয় জানিয়ে ওসি বলেন, “তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।”
