২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআইজি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৪

পুলিশের ডিআইজি পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে কয়েকজনের কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে শেরপুর পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 11:20 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

গ্রেপ্তাররা হলেন- নড়াইলের লোহাগড়া থানার রনি আমিন (৪০), ময়মনসিংহের কামরুজ্জামান (৩৮) এবং শেরপুরের জুলহাস উদ্দিন (৪৮) ও আবু সাঈদ (২০)।

এদের মধ্যে রনি নিজেকে সিআইডিতে কর্মরত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দেন। কামরুজ্জামান ভুয়া ডিআইজির পিএস পরিচয় দেন। প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায় তাদের সহযোগী হিসেবে কাজ করেন জুলহাস ও সাঈদ।

শেরপুরের সিনিয়র এএসপি (সার্কেল) শাহজাহান মিয়া শনিবার রাত ৯টার দিকে সদর থানায় এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের কথা জানান।

তিনি বলেন, ডিআইজির ভুয়া পরিচয়ে প্রতারণাকারী রনি আমিন এবং তার পিএস পরিচয় দেওয়া কামরুজ্জামানকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী শেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের অন্য দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পুলিশের আইডি কার্ড এবং বিভিন্ন নিয়োগ সংশ্লিষ্ট ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এএসপি শাহজাহান আরও বলেন, গ্রেপ্তার চারজন পরস্পর যোগসাজশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে সোহেল, সুজন ও মাসুম নামে তিনজনের কাছ থেকে ২১ লাখ টাকা আত্মসাৎ করে।

তাদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।