সিলেটে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
সিলেটের ওসমানীনগরে সহপাঠীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কয়েছ মিয়া (১৭) পিয়ারাপুর গ্রামের মৃত লালা মিয়ার ছেলে। সে ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
ওসমানী নগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, শনিবার বেলা ৩টার দিকে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে অন্য পরীক্ষার্থীর সাথে বিদ্যালয়ে যায় কয়েছ।
ক্লাস শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পূর্ববিরোধের জের ধরে কয়েছের গ্রামের তার সহপাঠী মতি মিয়া পেছন দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মতি মিয়া পিয়ারাপুর গ্রামের দুধু মিয়ার ছেলে বলে জানান ওসি।
গুরুতর অবস্থায় কয়েছকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
