টঙ্গীতে আগুনে পুড়েছে দুটি করাত কল
গাজীপুরের টঙ্গীতে দুটি করাত কল আগুনে পুড়েছে।
শনিবার সকাল পৌনে ৬টার দিকে আউচপাড়ার খাঁ পাড়া রোড এলাকায় আমেনা স মিল ও তামান্না স মিলে অগ্নিকাণ্ড ঘটে বলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানিয়েছেন।
তিনি বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই দুটি স মিল ছাড়াও সেখানে গুদামে থাকা কাঠ ও গাছের গুঁড়ি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডে শ্রীপুরে একটি গুদাম, সিটি করপোরেশনের টেকনগরপাড়ায় একটি কভার্ডভ্যান এবং সফিপুরে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মোরশেদুল ইসাম জানান, শনিবার প্রথম প্রহরে বৈদ্যুতিক গোলযোগ থেকে মাওনা চৌরাস্তা এলাকার নূর পেপার হাউসের গুদামে আগুন লাগে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গুদামের মালামাল পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভোর ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের টেক নগরপাড়া এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে কাগজের রোলভর্তি বড় কভার্ড ভ্যানে পড়ে তাতে আগুন ধরে যায়।
আগুনে কভার্ড ভ্যান এবং এর ভেতরে থাকা মালামাল পুড়ে যায় বলে জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানিয়েছেন।
কালিয়াকৈর উপজেলার সফিপুরের বালির টেক এলাকায় শনিবার ভোররাতে একটি ঝুটের গুদামে আগুন লাগে।
দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয় বলে কালিয়াকৈরের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার অপূর্ব বল।
আগুনে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
