মুন্সীগঞ্জে তেলসহ ট্রাক ছিনতাই
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালক ও সহকারীকে অচেতন করে ভোজ্যতেলসহ একটি ট্রাক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে গজারিয়ার আনারপুরা থেকে ওই দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলেন ট্রাকচালক আব্দুল খালেক (৩৮) ও সহকারী মো. আজহারউদ্দিন (৩২)।
গজারিয়া থানার এসআই ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ৬০ ব্যারেল ভোজ্যতেল ভরতি ট্রাকটি চট্টগ্রাম থেকে নওগাঁ যাচ্ছিল।
“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় পৌঁছলে সশস্ত্র ছিনতাইকারীরা চালক ও সহকারীকে অস্ত্রের মুখে ট্রাক থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়।
“পরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে আনারপুরায় ফেলে চলে যায়।”
সকালে স্থানীয়রা তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বলে জানান এসআই ইলিয়াস।
