সিরাজদিখানে ধর্ষণের ঘটনায় দুইজন কারাগারে
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুইজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কেয়াইন গ্রামের নূর উদ্দিনের ছেলে সেলিম মিয়া (২৬) ও বালিয়াকান্দা গ্রামের মনির হোসেনের ছেলে মো. রকিকে (২৭) বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত কারাগারে পাঠায় বলে জানান এএসপি মো. সামসুজ্জামান বাবু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রাত ৪টার দিকে পাঁচ দুর্বৃত্ত কেয়াইন ইউনিয়নের একটি বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে গৃহবধূর ১৪ বছরের মেয়েকে খোঁজাখুঁজি করে।
“মেয়েটি আত্মীবাড়ি থাকায় দুর্বৃত্তরা গৃহবধূর স্বামী ও শিশুছেলের হাত-পা-মুখ বেঁধে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।”
গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে পাঁচজনকে আসামি করে বুধবার থানায় মামলা করলে ওই দুইজনকে আটক করে পুলিশ।
অন্য তিন আসামিকে আটকের চেষ্টা চলছে বলে এএসপি জানান।
