জনপ্রতিনিধি ও শিক্ষকের মারধরে স্কুলছাত্র হাসপাতালে
নওগাঁর মান্দা উপজেলায় ইউপি সদস্য ও শিক্ষকের নির্যাতনে দশম শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়ে নয় দিন ধরে হাসপাতালে রয়েছে।
বৃহস্পতিবার ঘটনাটি জানার পর খোঁজখবর নেওয়া হলে এই জনপ্রতিনিধি ও শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেন।
আহত শিক্ষার্থী আরাফাত হোসেন (১৪) কর্ণভাগ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও স্থানীয় ছলিম উদ্দিনের ছেলে।
ছলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৭ ফেব্রয়ারি দুপুরে ইসলাম ধর্মের ক্লাস চলার সময় আরাফাত দুষ্টুমি করেছিল বলে শুনেছি।
“এই অভিযোগে সহকারী শিক্ষক আব্দুল হামিদ ও ইউপি সদস্য মনোতোষ সরকার বাঁশের লাঠি ও কঞ্চি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে।”
এরপর তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরাফাতকে নয় দিন ধরে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদুজ্জামান বলেন, আরাফাত সুস্থ হয়ে উঠেছে। দু-এক দিন পরে তাকে ছাড়পত্র দেওয়া হবে।
ইউপি সদস্য মনোতোষ সরকার মারধরের কথা স্বীকার করে বলেন, “আমি কঞ্চি দিয়ে তার হাতে মাত্র চারটি বাড়ি দিয়েছি। শরীরের অন্য কোথাও আঘাত করিনি। আমার চাইতে হামিদ মাস্টার বেশি মেরেছে।”
সহকারী শিক্ষক আব্দুল হামিদ আরাফাতকে মারধরের কথা স্বীকার করে বলেন, “ভবিষ্যতে এমনটি আর হবে না।”
প্রধান শিক্ষক অমলেন্দু সরকার বলেন, “আমি বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ওই সময় পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে ছিল না। ছাত্রকে দেখার জন্য এবং অভিভাবকের সাথে কথা বলার জন্য আমি একজন শিক্ষককে হাসপাতালে পাঠিয়েছি।”
এ বিষয়ে থানায় অভিযোগ হয়নি।
