সিলেটের পথে রেল বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জে রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কমলগঞ্জের স্টেশন মাস্টার রুস্তম আলী ফকির বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নম্বর সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে পড়ে। এ কারণে ঝুঁকি এড়াতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে বলে রুস্তম আলী জানান।
ঘটনাস্থল থেকে কুলাউড়া স্টেশনের প্রকৌশলী পীযূষ কান্তি দে বলেন, “বুধবারের ভারি বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে মাটি সরে গিয়ে প্রায় ২০ ফিট উচ্চতার গার্ডার ১৪ ফিটে নেমে এসেছে । যার মেরামতের কাজ চলছে।”
