২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ঝড়, শিলাবৃষ্টি

বরিশালে ঝড় ও শিলাবৃষ্টিতে কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 07:31 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

বৈরী আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।

আবহওয়া অফিস জানায়, বুধবার ভোরে ৬টা ১০ মিনিটে শুরু হওয়া এ ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এছাড়া ১৪ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌসুম অনুযায়ী চৈত্র মাসের শেষে বা বৈশাখের শুরুতে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে এবছর কালবৈশাখী ঝড় আগেই দেখা দিয়েছে। একই সঙ্গে সৌমুমের প্রথম শিলাবৃষ্টিও হয়েছে।”

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, আকস্মিক ঝড় ও বৃষ্টির কারণে নগরীর কাউনিয়া ও আমানতগঞ্জ এলাকায় কয়েকটি গাছ উপড়ে পড়েছে।

ভাটিখানায় একটি মসজিদের পিলার ভেঙে গেছে। এছাড়া কয়েকটি ঘরের টিনের চালা উড়ে গেছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে ৬৫ ফুটের নিচের আয়তনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।